সারা বছর প্রেক্ষাগৃহ দর্শকশূন্য থাকলেও ঈদে হলে ভিড় করেন দর্শক। ঈদে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশি হয়। তাই পরিচালক-প্রযোজকরা তাদের সিনেমা নিয়ে হাজির হতে বছরজুড়েই নেন জোর প্রস্তুতি।
এবারো কোরবানির ঈদে সিনেমা মুক্তি নিয়ে সিনেমা-সংশ্লিষ্টদের মাঝে দেখা গেছে বেশ তোড়জোড়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ঈদে এবারে এক ডজন সিনেমা মুক্তির কথা শোনা গেলেও সেখান থেকে নাদান, সরদারবাড়ির খেলা, শিরোনাম, পিনিক সিনেমাগুলো মুক্তির সিদ্ধান্ত থেকে সরে গেছে। শেষ পর্যন্ত মুক্তি পাবে ছয়টি সিনেমা—তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল, নীলচক্র।
এবারের ঈদে প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের ঝামেলাসহ নানা কারণে মুক্তি পিছিয়েছে বাকি সিনেমাগুলোর।
৭ জুন উদযাপন হবে কোরবানির ঈদ। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু পোস্টার প্রকাশ করে ঈদে আসার ঘোষণা দেয়া বেশ কয়েকটি সিনেমার প্রচারণা নিয়ে নেই কোনো তোড়জোড়। প্রচারের এ স্বল্পতা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চলছে সমালোচনা। এবার ঈদের সিনেমার গানগুলো প্রশংসিত হলেও দেরিতে প্রকাশ হওয়ায় তেমন আলোচনা সৃষ্টি করতে পারেনি।
শেষ পর্যন্ত মুক্তির সিদ্ধান্তে আসে ছয় সিনেমা—
তাণ্ডব
বরাবরের মতো এবারো ঈদ সিনেমায় শাকিব খান রয়েছেন দর্শক পছন্দের শীর্ষে।
প্রিয় নায়কের সিনেমা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও টিজার অবমুক্ত করা হয়েছে। সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর। তাণ্ডব সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর। এতে গুরুত্বপূর্ণ আরো একটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।
ইনসাফ
ঈদে মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে সিনেমা ‘ইনসাফ’। এরই মধ্যে সিনেমাটির প্রচার-প্রচারণায় বেশ সরব সংশ্লিষ্টরা। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এ সিনেমার মধ্য দিয়ে ফারিণ প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। এর আগে এ অভিনেত্রীর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে, একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্পের ঘোর।
নীলচক্র
চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় ‘নীলচক্র।’ আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত সিনেমার টিজার, পোস্টার পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকরা সিনেমা-সংশ্লিষ্ট গ্রুপগুলোয় শেয়ার করছেন। সিনেমা নিয়েই ব্যস্ত পরিচালক মিঠু খান। প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র।
এর আগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আমেরিকান ফিল্ম মার্কেটে। সিনেমাটির গল্পে রয়েছে সাইবার অপরাধের ভয়াবহ চিত্র, যেখানে ইন্টারনেট জগতে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয় চরিত্রগুলোকে।
টগর
টগর সিনেমার মধ্য দিয়ে ফের জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরী। আলোক হাসানের পরিচালনায় এ সিনেমাও আসছে এবারের ঈদে। অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। এরই মধ্যে পোস্টার, টিজার ও গানও প্রকাশ হয়েছে। বন্দর এলাকার গল্প। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সেও ছেড়ে দেয়ার পাত্র নয়। এমন সব দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।
এশা মার্ডার: কর্মফল
সিনেমাটি এর আগে মুক্তির কথা থাকলেও এবারের ঈদকেই বেছে নেয়া হয়েছে মুক্তির সময় হিসেবে। আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে এবারের ঈদে। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। তিনটি মেয়ের খুনের তদন্ত ঘিরে এগিয়েছে গল্প। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তিনটি খুনই হয় ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এভাবেই এগিয়ে চলে সিনেমার গল্প।
উৎসব
একঝাঁক শিল্পী নিয়ে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি। নির্মাণ করেছেন তানিম নূর। এ সময়ের শিল্পীদের পাশাপাশি এতে দেখা মিলবে নব্বই দশকের বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীর। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এ অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি।










