নেটফ্লিক্সের বার্ষিক আয়োজন তুড়ুম। প্রতি বছর এ আয়োজন থেকেই নেটফ্লিক্স তাদের নতুন বছরের কনটেন্ট পরিকল্পনা প্রকাশ করে। এ বছর আসর বসেছিল লস অ্যাঞ্জেলেসের কিয়া ফোরামে। আগামী এক বছরে নেটফ্লিক্সে আসতে যাওয়া কনটেন্টের টিজার, মুক্তির তারিখ ও অংশবিশেষ প্রকাশ করেছে নেটফ্লিক্স।
এর মধ্যে শুরুতেই ছিল ‘স্কুইড গেম’-এর ট্রেলার। নেটফ্লিক্সের অন্যতম সেরা ও দর্শকপ্রিয় সিরিজ স্কুইড গেম। এটি এর তৃতীয় সিজন। ট্রেলার প্রকাশের সঙ্গে জানানো হলো সিরিজের নতুন সিজন মুক্তি পাবে ২৭ জুন। নতুন সিজনের ট্রেলার প্রকাশের সময় মঞ্চে ছিলেন সিরিজের অভিনেতা লি জুং-জে, লি বু-হো, পার্ক হুন, কাং আয়-সিম ও সিউং-হ্যুন।
নেটফ্লিক্সের আরেক সেরা সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। এ সিরিজের পঞ্চম সিজন আসছে এবার। সিরিজের নতুন সিজন মুক্তির তারিখ ঘোষণা হলো একটি বিশেষ টিজারের মাধ্যমে। নেটফ্লিক্স এর আগে জানিয়েছিল পঞ্চম সিজন মুক্তি পাবে তিন ভাগে। এর মধ্যে প্রথম ভাগে ১-৪ এপিসোড মুক্তি পাবে ২০২৫ সালের ২৬ নভেম্বর। দ্বিতীয় ভাগে এপিসোড ৫-৭ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। শেষ এপিসোড মুক্তি পাবে ৩১ ডিসেম্বর। একটি বিশেষ টিজার দিয়ে শেষ সিজনের পুরো বিষয়টি তুলে ধরা হলো।
নেটফ্লিক্সের আরেক জনপ্রিয় সিরিজ ‘ওয়েনেসডে’। এ সিরিজ দিয়ে এরই মধ্যে ইতিহাস তৈরি করে ফেলেছে ওটিটি প্লাটফর্মটি। এবার তারা জানাল, দ্বিতীয় সিজন আসবে আগামী ৬ আগস্ট। টিজার বা ট্রেলার নয়, সিজন টুর প্রথম ৬ মিনিট প্রকাশ করেছে নেটফ্লিক্স।
কেবল সিরিজ নয়, সিনেমার ক্ষেত্রেও এগিয়ে আছে নেটফ্লিক্স। এ বছর বেশকিছু নতুন সিনেমা মুক্তি দেবে নেটফ্লিক্স। এর মধ্যে শুরুতেই থাকছে নাইভস আউট সিরিজের সিনেমা। এবারো অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেইগ। বলা হচ্ছে, নতুন সিনেমা ‘ওয়েক আপ ডেড ম্যান’ হতে যাচ্ছে এখন পর্যন্ত আসা সবচেয়ে ডার্ক সিনেমা। সিনেমাটি আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে।
থাকছে অস্কারজয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরোর নতুন সিনেমা ‘ফ্র্যাংকেনস্টাইন’। ভিক্টর ফ্র্যাংকেনস্টাইন চরিত্রে এবার অভিনয় করছেন অস্কার আইজ্যাক। সেই সঙ্গে জানানো হলো বেন অ্যাফ্লেক ও ম্যাট ড্যামন অভিনীত ‘দ্য রিপ’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি।
‘ওয়ান পিস’-এর নতুন সিজন নিয়ে দর্শকের আগ্রহ ছিল। বিশেষত লাইভ অ্যাকশনটি যেভাবে অ্যানিমের প্রতি সুবিচার করেছিল, তার কারণে সবারই বিশ্বাস ছিল এবার আরো বড় পরিসরে সিরিজটিকে নিয়ে আসবে নেটফ্লিক্স। কিন্তু এ বছর সিরিজটির নতুন সিজন আসছে না। সে জায়গা নিয়েছে ‘চপার’।










