এবারের ঈদে মুক্তি পায় ছয়টি সিনেমা। এর মধ্যে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি মুক্তির পরও রয়েছে বেশ আলোচনায়। এদিকে ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে উৎসব একটি। প্রচারণা কম থাকলেও মুক্তির পর চমকে দিয়েছে সিনেমাটি। সাদাসিধে পারিবারিক গল্পে নির্মিত এ সিনেমা। কেবল চমক নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা হয়ে উঠেছে এটি দর্শকের কাছে। হলভর্তি মানুষ, চোখে জল আর মুখে প্রশংসা—এটাই এখন উৎসবের আসল পোস্টার।

ঢাকার সিনেমা হলগুলোয় গত তিনদিন প্রতিটি শো যাচ্ছে হাউজফুল। অনেকেই পরিবার নিয়ে এসেছেন সিনেমাটি দেখতে। বেশির ভাগের মুখেই এক অভিন্ন প্রতিক্রিয়া—ভাবতেই পারিনি এত ভালো সিনেমা হবে!

একজন দর্শক বললেন, ‘এ ঈদে সত্যিকার অর্থেই পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা পেয়েছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায়, এটাই সেটা।’

আরেকজন বললেন, ‘তাণ্ডবের মধ্যে একটা উৎসবের মতো ছবির দরকার ছিল। নস্টালজিয়ায় নিয়ে গেল। ক্লাসিক কাল্ট হয়ে থাকবে।’"

কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলেই ফেললেন—উৎসব না দেখলে মনে হবে আপনি এ ঈদে কোনো সিনেমাই দেখেননি!"

এ ভালোবাসায় আপ্লুত পরিচালক তানিম নূর। বলেন, ‘এটা একেবারেই অভূতপূর্ব অভিজ্ঞতা। উৎসব যেন সত্যিই ঈদের মধ্যে এক আলাদা উৎসব তৈরি করে দিয়েছে। প্রতিটি শো হাউজফুল, মানুষ কথা বলছে, অন্যদের জানাচ্ছে—এটাই আমাদের বড় অর্জন।’ তানিম নূর আরো যোগ করেন, আমরা শুরু থেকেই বলে আসছি—এ সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। সে সতর্কতা মানুষ মেনেও চলেছে। পরিবার নিয়েই আসছে আর উপভোগ করছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত উৎসবের কাহিনী লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে এক অনন্য তারকাবহর—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।