জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস রাজত্ব করেছে অনেকদিন। কিন্তু এরপর এসেছে খরা। তবে ব্যান্ডের পারফরম্যান্স খারাপ হওয়ায় খরা আসেনি। সরকারি কারণেই তারা আলাদা হয়েছেন। মূলত দক্ষিণ কোরিয়ার সরকারি নিয়ম অনুসারে তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণে ব্যান্ডের সদস্যরা ব্যান্ড বজায় রাখতে পারেননি। এক এক করে তাদের সদস্যরা নির্দিষ্ট সময়ের জন্য সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন। একে একে আবার ফিরছেনও তারা। সম্প্রতি দেখা গেল ব্যান্ডের সদস্য আরএম ও ভি একত্র হলেন। তাদের সামরিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে আশা তৈরি হয়েছে বিটিএস রিইউনিয়ন হওয়ার।
গত মঙ্গলবার আরএম (কিম নামজুন) ও ভি (কিম তেহিয়ুং) তাদের সামরিক প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পেয়েছেন। তার পরই প্রথম তারা গণমাধ্যমের সামনে আসেন। দুজনকে মুখোমুখি দেখা গেছে। এ ছবি গণমাধ্যমেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
ছবিতে দুই শিল্পীকে সামরিক পোশাকে দেখা গেছে। বলা হচ্ছে এবং বোঝা যাচ্ছে, তারা শেষবারের মতো সামরিক পোশাক পরেছেন। দুজনের হাতে ছিল বড় দুটি ফুলের তোড়া। সামরিক প্রশিক্ষণ সমাপন উপলক্ষে তারা ফুল উপহার পেয়েছেন। সেই সঙ্গে শ্রোতা-ভক্তদের ভালোবাসা তো থাকছেই। এসব কিছুর মধ্যেই আরএম তার স্যাক্সোফোন বের করে এতে ‘কেস ক্লোজড’ বাজিয়েছেন। এর আগে আরেক বিটিএস সদস্য জিনের সামরিক প্রশিক্ষণ সমাপনীতে স্যাক্সোফোন বাজিয়েছিলেন আরএম।
মঙ্গলবার আরএম ও ভি ক্যামেরার সামনে মজাও করেছেন। একজন আরেকজনের সঙ্গে করেছেন খুনসুটি। তাদের ছবি ও ফিরে আসা দিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। এ দুই তারকার প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন ভক্তরা। এর মধ্যে একজন লিখেছেন, ‘সারা দুনিয়া শুনছে তোমাদের পদধ্বনি।’ আরেকজন লিখেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’
এর মধ্যে অনেক ভক্ত ধরে নিচ্ছেন খুব দ্রুতই বিটিএস আবারো একত্র হয়ে এবং নতুন নতুন গানে তাদের বুঁদ করে দেবে।
সূত্র: মিন্ট










