গত ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ অভিনয় করেও দর্শকের নজর কাড়েন এ অভিনেতা। এবার সিনেমার পর্দায় অভিষেক হচ্ছে তার।

রায়হান রাফী পরিচালিত আন্ধার সিনেমায় অভিনয় করেছেন রেহান। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শিগগিরই ইউটিউবে সিনেমাটির অফিশিয়াল ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে প্রচারণা। এতে রেহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরো কয়েকজন শিল্পী। তাদের অনেকেই এর আগে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে আন্ধার রেহানের প্রথম সিনেমা হওয়ায় সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত সিনেমাটিতে রেহানকে দেখা যাবে হিমেল চরিত্রে। প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রেহান বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। কিন্তু আমার ভাগ্যে যে এত বড় একটা হরর ছবিতে কাজ করার সুযোগ চলে আসবে, সেটা কখনো কল্পনাও করিনি। অভিনয়ে সবে পথচলা শুরু করেছি। রাফী ভাইয়ের সঙ্গে আমার প্রথম ফিল্মেই কাজের সুযোগ আসবে, এটা ভাবিনি।’

তিনি আরো বলেন, ‘গল্পটা শোনার পর আমি শুধু একটা কথা বলেছিলাম—রাফী ভাই, শাকিব ভাই, আদনান ভাই আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা বলবেন, আমি করব। তারা আমাকে নিয়ে যা চেষ্টা করেছেন, তাতে আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আন্ধার নিয়ে তাদের চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।’

প্রথম সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে রেহান বলেন, ‘আন্ধার ছবিতে আমাকে দেখবেন হিমেল চরিত্রে। এটা আমার বড় পর্দায় অভিষেক। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনার পাশের প্রেক্ষাগৃহে।’