বলিউডে নবীনদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলেন ওয়ামিকা গাব্বি। সিনেমার তুলনায় সিরিজেই বেশি সাফল্য পেয়েছেন। তিনি প্রথম নজরে আসেন হটস্টারের ‘গ্রহণ’ সিরিজ দিয়ে। এরপর তাকে দেখা গেছে ‘জুবিলি’ সিরিজে। এর মধ্যে আরো সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন। তবে এ দুটোর মতো করে ফোকাস পাননি। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় ছোট একটি চরিত্র করেও নজরে আসেন ওয়ামিকা। তার অভিষেক হয়েছিল ২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জাব উই মেট’ দিয়ে। ‘লাভ আজ কাল’ সিনেমায়ও ছিলেন। কিন্তু নজরে আসেননি। ২০২০ পর্যন্ত বেশকিছু সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। একসময় বলিউড ছেড়েই দিতে চেয়েছিলেন। সে সময় তার কাছে কবির খান পরিচালিত ‘৮৩’-এর প্রস্তাব আসে। লন্ডন ভ্রমণের সুযোগ নিতেই সিনেমাটিতে রাজি হয়েছিলেন তিনি।
সম্প্রতি এসেছে তার নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’। রাজকুমার রাওর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর প্রচারণার সময় উঠে আসে অনেক পুরনো কথা। তিনি বলেন, ‘তখন আমি অনেক স্বপ্ন দেখতাম। মাত্র ১৩ বছর বয়সে অভিষেক হয়েছিল আমার। ক্লাস সেভেনে পড়ার সময় অভিনয় করেছিলাম জাব উই মেট সিনেমায়। সেখান থেকে শিখেছিলাম সিনেমার সেট কাকে বলে। ইমতিয়াজ স্যারের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।’
সেখানেই শেষ নয়। লাভ আজ কাল করার সময় ইমতিয়াজ আলীসহ সিনেমার পুরো টিম তার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিল। ওয়ামিকা বলেন, ‘একটা ই-মেইলের মাধ্যমে লাভ আজ কালের প্রস্তাব এসেছিল। সিনেমার শুটের সময় আমার জন্মদিন ছিল। তারা একটা কেক এনে সাড়ম্বরে জন্মদিন পালন করেছিলেন। আমি একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিলাম। তাই বিষয়টা আমার জন্য অনেক বড় হয়ে উঠেছিল।’
কিন্তু সমস্যা হলো ওয়ামিকা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টই থেকে যাচ্ছিলেন। ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত হচ্ছিল না। তিনি বুঝেছিলেন, এভাবে বেশিদূর যেতে পারবেন না। ২০১৯ সালের দিকে বলিউড ছাড়ার চিন্তা করছিলেন ওয়ামিকা। সে সময়ই ৮৩-এর প্রস্তাব পান।
ওয়ামিকা বলেন, ‘২০১৯ সালে দুটো সিনেমায় কাজ করছিলাম। তবে ভালো লাগছিল না। ভেবেছিলাম ছেড়েই দেব অভিনয়। তখন আমার কাছে ৮৩-এর প্রস্তাব আসে। ইচ্ছা ছিল না আরেকটা ছোট চরিত্রে অভিনয় করার। কিন্তু দেখলাম, চরিত্রটা করলে লন্ডনে যাওয়ার সুযোগ পাব। তাই রাজি হয়েছিলাম।’
এরপর ওয়ামিকার ক্যারিয়ার এগিয়েছে। তিনি অভিনয় করেছেন জুবিলির মতো সফল সিরিজে। খুফিয়া, তাবাহ, বেবি জন সিনেমাগুলো ব্যবসাসফল সিনেমার তালিকায় না থাকলেও ওয়ামিকা আলোচনায় আছেন। তার ভালো সিনেমা পাওয়ার সুযোগও আছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










