বাংলাদেশে ঈদকে ঘিরেই নির্মাণ হয় সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। দর্শকও প্রিয় অভিনেতার কোন সিনেমা আসছে ঈদে সে অপেক্ষায় থাকেন।

এবারের কোরবানির ঈদে দেশের সিনেমাপ্রেমীদের জন্য আসছে বেশ কয়েকটি সিনেমা। এরই মধ্যে এসেছে কয়েকটি সিনেমার গান, টিজার ও ট্রেলার।

সেসব নিয়ে ভক্তদের মাঝে নানামুখী আলোচনাও দেখা গেছে সামাজিক মাধ্যমে।

এরই মধ্যে গতকাল সন্ধ্যায় প্রকাশ পেল ‘উৎসব’ সিনেমা টিজার। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুক্ষণের জন্য হলেও দর্শককে নিয়ে যাবে উৎসবের আমেজে। টিজারে দেখা যায় চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিমের মজার মজার সংলাপ।

চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি সংলাপে বলে, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সব জায়গায় লোকটা কমন। জয়া আহসানের চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘ওর কোনো গলা আছে? ও ডায়ালগ ডেলিভারি দিতে পারে?’ অপি করিমের চরিত্রটিকে বলতে শোনা যায়, ‘কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?’

নিজেদের সমসাময়িক বাস্তবতাকে চরিত্র তিনটির সংলাপে নিয়ে আসাটাকে আত্মোপলব্ধির চেষ্টা বলে মনে হতে পারে দর্শকের। সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তিনি জানিয়েছেন, কেউ যদি সত্যি এমন মনে করে থাকেন, তবে তিনি স্বার্থক। কারণ ঈদ মানে যেমন আনন্দ, তেমন নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে পরিশুদ্ধ হওয়ারও বিষয়।

sadia-ayman

তানিম নূর বলেন, ‘‌ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি, সেজন্যই সিনেমাটি নির্মাণ করা। ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এ আনন্দ ছড়িয়ে দেয়ার বিষয়। আমাদের সিনেমায় তেমন বার্তাই রয়েছে।’

ঈদের সিনেমা মানেই এখন যেন ধুন্ধুমার অ্যাকশন আর ডায়ালগবাজি অথবা থ্রিলার। গত কয়েক বছর ঈদে বাজিমাত করা সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই মনে হতে পারে। সেসব থেকে বেরিয়ে হাস্যরস পরিবার ও সম্পর্কের সিনেমা উৎসব হয়ে উঠতে পারে সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। উৎসব সিনেমার ট্যাগ লাইনেও ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ’।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া।