কোনো ধরনের যানবাহন না থাকায় কখনো রিকশায় চেপে আবার কখনোবা হেঁটে ৫৭ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিয়েছেন পোস্টম্যান মো. ফয়জুর রহমান। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

জানা যায়, ভোট গ্রহণের পর রিটার্নিং অফিসারের নামীয় তিনটি হলুদ খাম ময়মনসিংহ নগরীতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু পরিবহন সংকটের কারণে হালুয়াঘাট পোস্ট অফিসের পোস্টম্যান চরম বিপাকে পড়েন। কোনো যানবাহন না পেয়ে অদম্য সেই কর্মী হেঁটে ও রিকশায় প্রায় ৫৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে বিকাল ৪টা ২৭ মিনিটে ময়মনসিংহ প্রধান ডাকঘরে পৌঁছান।

পোস্টম্যানের এ আন্তরিকতা ও ত্যাগের পর শুরু হয় পোস্টমাস্টারের তৎপরতা। পোস্টম্যানের ব্যাগটি হাতে পাওয়ার পরপরই বিলম্ব না করে ময়মনসিংহের পোস্টমাস্টার সুদীপ ঘোষ সরাসরি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে চলে যান। ঘড়িতে তখন ঠিক বিকাল ৪টা ৩০ মিনিট। ডিসি অফিসের এনডিসির সামনেই ডাক বিভাগের ব্যাগটি খুলে খামগুলো হস্তান্তর করা হয় এবং শুরু হয় ভোট গণনা।

এ বিষয়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যানবাহন না পাওয়া সত্ত্বেও ডাক বিভাগের কর্মীরা তাদের পেশাদারত্ব ও সততার পরিচয় দিয়েছেন। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে নির্ধারিত সময়ের মধ্যেই হালুয়াঘাটের খামগুলো পৌঁছে দিয়ে ডাক বিভাগ দায়িত্বশীলতার স্বাক্ষর রাখল।