রাজবাড়ীতে আমেনা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
গতকাল দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই।
রায় ঘোষণার সময় পলাতক ছিলেন রঞ্জু প্রামাণিক ও আশরাফ।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা আমেনা খাতুন। পরদিন ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের গামু শেখের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত সাপেক্ষে সাতজনকে আসামি করে চার্জশিট দাখিল করে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের পর হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।’










