চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নাশতা না পেয়ে শিক্ষক ক্লাবের ক্যান্টিন ভাংচুরের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমেল হোসাইন ও মুজিবুর রহমান। তারা ক্যাম্পাসের ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্সে) গ্রুপের নেতা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চবির শিক্ষক ক্লাব ক্যান্টিনে শিক্ষার্থীদের কাছে নাশতা বিক্রির নিয়ম না থাকলেও সোমবার রাতে তা আনতে যান ছাত্রলীগ কর্মী রোমেল ও মুজিব। এ সময় তাদের নাশতা দিতে অস্বীকৃতি জানালে ক্যান্টিনের কর্মচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায় ক্যান্টিনের খাবার মাটিতে ফেলে দেন। সেই সঙ্গে কড়াই, হাঁড়িপাতিল ভাংচুর করে চলে যান।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কর্মী মুজিবুর রহমান ও রোমেল হোসাইন বলেন, সোমবার রাতে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা আমরা সমাধান করে ফেলেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব শুধু শিক্ষকদের ব্যবহারের জন্য। ক্যান্টিন থেকে খাবার ছাত্রদের কাছে বিক্রির নিয়ম নেই। দুজনকে ক্লাবের কর্মচারী নাশতা না দেয়ায় তারা ক্যান্টিনে ঝামেলা করেছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এ বিষয়ে মিটিংয়ে বসব।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম জানান, এমন একটা ঘটনা শুনেছি। এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।