নরসিংদীর মাধবদীতে পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের আলিম পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নাসির উদ্দিন নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছেন।

ভিডিওটি নজরে আসার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের মাধবদী থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় মামলা করেন।