পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে একটি রশি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক মো. শাহ আলম।

স্বরূপকাঠি দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ জানান, বুধবার কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ১১টায় আমরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

‘শারমিন রোপ ফ্যাক্টরি’ নামে ওই কারখানাটির ম্যানেজার মো. তোতা মিয়া জানান, ফ্যাক্টরিতে পাটজাত রশিসহ প্লাস্টিক রশি তৈরি হতো। রাত সোয়া ১০টার দিকে কারখানায় আগুন লাগে।