মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মেঘনা-৩-এ হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। চট্টগ্রামের হাটহাজারি থানায় একটি মন্দির ভাংচুরের মামলায় গত ১৮ অক্টোবর মিরসরাই পৌর সদর থেকে ফকির আহম্মদকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়। চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ১৮ অক্টোবর গ্রেফতার হয়ে ফকির আহম্মদ চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। আজ (গতকাল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।