পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়ার মধ্যে আজ বুধবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সভা কক্ষে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
পবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়র্সের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন।
পবিপ্রবির উপাচার্য বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হলো। আশা করি ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন ড. ইউকিফলি বলেন, ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের মাধ্যমে গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস, শান্তি ডিয়ানা, পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট , প্রক্টর, অধ্যাপক , বিভিন্ন বিভাগের পরিচালক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










