বান্দরবান পৌর এলাকার একটি ঝিরি থেকে পাওয়া দুটি সাউন্ড গ্রেনেড পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয়রা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার জেলা বাস স্টেশনসংলগ্ন কাশেম পাড়ার পেনেডং ঝিরি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে কাশেম পাড়ার দুই শিশু পেনেডং ঝিরিতে খেলতে নামে। খেলতে গিয়ে দুপুর ১২টার দিকে তারা ঝিরির পাশে পড়ে থাকা একটি শপিং ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে ভেতরে থাকা দুটি বস্তু তারা চিনতে না পেরে আশপাশের লোকজনকে দেখায়। স্থানীয়রা সেগুলো গ্রেনেড বলে সন্দেহ করলে দ্রুত জেলা বাস স্টেশন পুলিশ বক্সে নিয়ে জমা দেন। পুলিশ বস্তু দুটিকে সাউন্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে উদ্ধার করে।
বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্রেনেড দুটি প্রাণঘাতী নয়। সাধারণ মানুষ বিষয়টি না জেনে আতঙ্কিত হতে পারে। এসব গ্রেনেড বিস্ফোরিত হলে শুধু শব্দ ও ধোঁয়া হয়। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো এক সময় এসব গ্রেনেড লুট হয়ে থাকতে পারে এবং কেউ তা ঝিরির পাশে ফেলে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।










