শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্তস্বরূপ। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে, যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫০তম। ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ১৮ দশমিক ৬ মিলিয়নে উন্নীত হয়েছে।’
তিনি গতকাল রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’ আয়োজিত দশম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘আমি ইনার হুইলের ব্যতিক্রমী ও ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে পেরে আনন্দিত। ১০০ বছর আগে ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রোটারিয়ানদের স্ত্রী তথা সমাজে প্রাধিকারপ্রাপ্ত ও অগ্রগামী নারীদের একটি দল লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ইনার হুইল নামক জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করে, যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ইনার হুইল কার্যক্রম পরিচালনা করছে।’
ইনার হুইল ডিস্ট্রিক্টের ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ইনার হুইল’ ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত। অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে ইনার হুইল ডিস্ট্রিক্টের নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ইনার হুইলের চলতি বছর ১০০তম বর্ষপূর্তিতে সংগঠনে বিশেষ অবদান রাখায় পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলমকে সম্মানিত করা হয়। বর্তমান কার্যকরী কমিটি ও পরবর্তী কমিটির সম্মেলন হিসেবে সার্বিক অনুষ্ঠানটি হোস্ট করে ৩১টি ক্লাব। ইনার হুইলের এ সমাবেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শাইন ব্রাইট, কেয়ার ফর হিউম্যান’।










