বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল এলাকায় ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় মালিক ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। ট্রাক দুটি আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ জুলাই) ভোরে আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।

বগুড়ার আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিলেন ট্রাক চালক দাদন মিয়া ও মালিক মোস্তাক আলী। পাশে ছিলেন যাত্রী রকিবুল। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নিলে সেখানে ট্রাক মালিক মোস্তাক মারা যান। অপর ট্রাকের সহযোগী সাইফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে। ট্রক দুটি পুলিশি হেফাজতে রয়েছে।