আগামী ১৫ জুলাই থেকে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন এয়ারলাইনস। ঢাকার হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি সোম ও শনিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি। এয়ারবাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রতিটি ফ্লাইটে ১২টি বিজনেস ও ১৮৭টি ইকোনমি শ্রেণীর আসনের ব্যবস্থা রয়েছে।

১ জুলাই রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইনস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘সাউদার্ন এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। যেহেতু চীনে প্রচুর পর্যটক রয়েছে, আমরা ভবিষ্যতে কক্সবাজার ও কুনমিং বিমানবন্দরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পর্যালোচনা করছি।’

মন্ত্রী আরো বলেন, ‘দেশের অর্থনীতি চাঙ্গা করতে মিয়ানমার, ভারত, চীন, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ।’

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা-বেইজিংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট উদ্বোধনের জন্য চায়না সাউদার্ন এয়ারলাইনসকে অভিনন্দন জানান। রুটটি বৃহত্তর সহযোগিতা, জনগণের মধ্যে সংযোগ ও উভয় পক্ষের জন্য সমান লাভ বয়ে আনবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ আরো প্রসারিত করবে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চীন ও বাংলাদেশের জনগণকে ভ্রমণ ও সুযোগ গ্রহণে উৎসাহিত করবে বলেও ফ্লাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চায়না সাউদার্ন এয়ারলাইনস বাংলাদেশের মহাব্যবস্থাপক জি কাংজিয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রমুখ।