দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে পঞ্চগড়, লালমনিরহাট, কুমিল্লা, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পঞ্চগড়: মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট এলাকার মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও একই উপজেলার বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। আহতরা হলেন ইজিবাইকচালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৬)।
সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘হেলিপোর্ট এলাকায় দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
লালমনিরহাট: জেলার কালীগঞ্জে ট্রাকচাপায় তানবীন ইসলাম (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানবীন ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে। তিনি স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কুমিল্লা: চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী। গতকাল বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। নিহত চালক ফজলু মিয়া (৬৫) কালিকাপুর ইউনিয়নের কিং চুপুয়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান। নিহত শরিফুল ইসলাম শরীফ (৪০) বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।
চাঁদপুর: হাজীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সাহা (২০) হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল এলাকার সঞ্জু সাহার ছেলে। গুরুতর আহত মো. ইজাজ (২৬) একই এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইমরান মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক।
চট্টগ্রাম: জেলার চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায় মো. পহর উদ্দীন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কুতুব উদ্দীন নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: জেলার নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাওজোড় এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরনে লুঙ্গি ও সাদা রঙের চেক শার্ট ছিল।










