ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না অনেকেই। কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তারা। শুধু তা-ই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের। 

বুধবার (১৭ জুলাই) দুপুরের পর থেকেই দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হচ্ছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার, গুলিস্তান, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা গেলেও মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এ দুই সামাজিক যোগাযোমাধ্যম ব্যবহারে সমস্যা হচ্ছে।

প্রসঙ্গত, এদিকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা পেয়েছে অপারেটরগুলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।