দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ তাদের স্থিতিশীলতার জন্য পরিচিত। আমি আত্মবিশ্বাসী যে আপনার যোগ্য নেতৃত্বে তারা এই প্রতিকূলতা কাটিয়ে উঠবে। বাংলাদেশকে প্রয়োজনে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান। শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠিতে এসব কথা লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ চিঠিতে লিখেছেন, বাংলাদেশে চলমান বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে, সেইসাথে আমার নিজের পক্ষ থেকে, এই পরীক্ষার সময়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আমি গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমরা বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের সকলের জন্য যারা তাদের ঘরবাড়ি, জীবিকা এবং প্রিয়জন হারিয়েছেন।

এর আগে এক্স হ্যান্ডেলের পোস্টে শাহবাজ লিখেছিলেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।