চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় রেললাইনে এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের একজন মারা গেছেন। শুক্রবার ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত ১০ বছর বয়সী শিশু মো. রাহাতকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশ জানায়, ষোলশহরের দিকে যাচ্ছিল ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এ সময় ষোলশহর এলাকায় একটি সেতুর ওপর রেললাইনে দুই শিশু খেলছিল। ট্রেনটি আসতে দেখে শিশু দুটিকে সরিয়ে নিতে ছুটে যান মিন্টু। এ সময় অন্য এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে সেতুর নিচের খালে লাফ দেন। অপর শিশুটিকে বাঁচাতে গিয়ে মিন্টু ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাহাত গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।