মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মানিকগঞ্জ: টাঙ্গাইল থেকে মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসছিলেন তিন বন্ধু। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজের মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একপর্যায়ে সড়কের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘিওর থানার ওসি (তদন্ত) কহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবণী ভাদুরী (২১)। তারা ঢাকা থেকে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। এ সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরী মারা যান। স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মোসা. শুকুরন বেগম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত শুকুরন বেগম উপজেলার ঘোনাপাড়া গ্রামের সত্তার মোল্লার স্ত্রী। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।