দেশের উচ্চশিক্ষা খাতে ডিজিটাল রূপান্তরকে আরো গতিশীল করতে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি লিডিং ইউনিভার্সিটির জন্য একটি আধুনিক, সমন্বিত এবং প্রযুক্তিনির্ভর ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন করবে।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি, কোর্স ও কারিকুলাম ব্যবস্থাপনা, ফলাফল ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম, শিক্ষক ও জনবল ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. সৈয়দ রাগিব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’র প্রোডাক্ট অ্যান্ড সলিউশন হেড এইচ এম ফরহাদ এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মফিজুল ইসলাম।
এ উদ্যোগের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তিনির্ভর সেবা, স্বচ্ছতা, দক্ষতা এবং তথ্য ব্যবস্থাপনার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।










