বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশীদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়, তারা নিজেদের সম্রাট মনে করে। শুক্রবার ( ২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করল সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ। যা জেনেভা কনোভেশনের ধারেকাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও জানান মন্ত্রী।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন মিহিরকান্তি চৌধুরী (লোকসংস্কৃতি), পূর্ণিমা দত্ত রায় (কণ্ঠসংগীত), চম্পক সরকার (নাট্যকলা), জ্যোতি ভট্টাচার্য (আবৃত্তি) ও মো. মিনু মিয়া (যন্ত্রসংগীত)।









