নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রবী লক্ষ্মী ছিত্রাকার বিক্ষোভকারীদের দেয়া আগুনে নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা কাঠমান্ডুর দাল্লু এলাকায় খানালের বাড়িতে আগুন ধরিয়ে দিলে ছিত্রাকার মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় কীর্তিপুর বার্ন হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। খবর ইন্ডিয়া টুডে।
স্থানীয় গণমাধ্যম খবর হাব জানায়, পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে গুরুতর দগ্ধ হওয়ার পর রবী লক্ষ্মী ছিত্রাকার মারা গেছেন।
নেপালজুড়ে সহিংসতায় সরকারি ও রাজনৈতিক স্থাপনায় ব্যাপক হামলা চলেছে। বিক্ষোভকারীরা কাঠমান্ডুর প্রশাসনিক কমপ্লেক্স সিংহ দরবার ও রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে আগুন ধরিয়ে দেয়। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড ও শের বাহাদুর দেউবার বাসভবনেও আগুন দেয়া হয়েছে।
দেউবার বাসভবনে হামলার সময় তিনি ও তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেউবা আক্রান্ত হন বলে জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়েও টার্গেট করছে বিক্ষোভকারীরা।










