প্যারাগুয়ের স্থানীয় ডিজিটাল ব্যাংক উয়েনোকে ঘিরে শুরু হওয়া সংকট মাত্র পাঁচ দিনে দেশটির এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছে। ব্যাংকটির পতনে প্রায় ৩০ লাখ গ্রাহকের সঞ্চয় সাময়িকভাবে আটকে যাওয়ার পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। পরে তাকে গ্রেফতার করে বিশ্বাসভঙ্গ ও ব্যক্তিগত স্বার্থে প্রশাসন পরিচালনার অভিযোগে মামলা করেছে দেশটির কর্তৃপক্ষ।

বছরের পর বছর উয়েনোকে প্যারাগুয়ের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা একটি সফল ডিজিটাল ব্যাংক হিসেবে বিবেচনা করা হতো। দেশটির প্রায় অর্ধেক মানুষ ব্যাংকটিতে হিসাব খুলেছিলেন। তাদের অনেকের জন্য এটিই ছিল প্রথম ব্যাংক হিসাব খোলার সুযোগ। কিন্তু চলতি সপ্তাহে মাত্র পাঁচ দিনের ব্যবধানে ব্যাংকটির কার্যক্রম ভেঙে পড়ে। ৬৫ লাখ জনসংখ্যার দেশটিতে প্রায় ৩০ লাখ গ্রাহকের সঞ্চয় আটকে যায়।

গত শুক্রবার সন্ধ্যায় পদত্যাগের চেষ্টা করার পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট পেনিয়া। পরে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

পেনিয়াকে দ্রুত গ্রেফতার করা হয়। শনিবার তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও ব্যক্তিগত স্বার্থে প্রশাসন পরিচালনার অভিযোগে মামলা করেন কৌঁসুলিরা। আদালত তাকে সামরিক স্থাপনায় বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন।

পেনিয়া কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী রিকার্দো প্রেদা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগগুলোর বিরুদ্ধে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

ব্যাংককেন্দ্রিক এ কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধী দলগুলোও সরকারের তীব্র সমালোচনা করছে।

বিরোধী সিনেটর রাফায়েল ফিলিজোলা শুক্রবার বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারির মুখোমুখি হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করার পথে এ অভিশংসন প্রথম পদক্ষেপ।

প্যারাগুয়ের অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী ম্যানুয়েল ফেরেইরাও জনরোষের সঙ্গে একমত। তার ভাষায়, এটি আধুনিক সময়ের বনি অ্যান্ড ক্লাইডের ঘটনা। তারা আমাদের পিস্তল দেখিয়ে লুট করেনি, করেছে একটি অ্যাপের মাধ্যমে। এ চক্রের প্রধান ছিলেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধানের বিরুদ্ধেও মামলা

২০২৫ সালের মার্চ পর্যন্ত উয়েনোর মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব ছিল পেনিয়ার। ২০২৩ সালে নির্বাচিত হওয়ার পর তিনি ব্যাংকটির সাবেক প্রেসিডেন্ট কার্লোস কারভালহোকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেন।

চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন কারভালহো। শনিবার তার বিরুদ্ধেও বিশ্বাসভঙ্গ, সরকারি নথি জাল করা এবং ব্যক্তিগত স্বার্থে প্রশাসন পরিচালনার অভিযোগে মামলা করেন কৌঁসুলিরা। তাকে বিচার-পূর্ব আটক রাখার আবেদনও করেন তারা, যা আদালত মঞ্জুর করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের পাঠানো অনুরোধে সাড়া দেননি কারভালহো। মামলায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পেনিয়ার আইনজীবী প্রেদা অভিশংসনের বিরোধিতা করেছেন। তার বক্তব্য, ব্যাংকটির পুনর্গঠন প্রক্রিয়া চলার সময় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিজেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।

২০২১ সালে আধুনিক প্রযুক্তিনির্ভর ও তরুণ প্রজন্মের উপযোগী ব্যাংকিং অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে উয়েনো। প্রচলিত ব্যাংকগুলোর সেবা থেকে বঞ্চিত প্যারাগুয়ের অনেক মানুষকে দ্রুত আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি।

একপর্যায়ে দেশটির লেনদেন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে উয়েনো। ডিজিটাল সেবার পাশাপাশি ব্যাংকটি বিভিন্ন স্থানে শাখাও চালু করে। পরে ক্রীড়া দল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা শুরু করে। গত জুন পর্যন্ত প্যারাগুয়ের রাষ্ট্রীয় পেনশন তহবিলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৮৫ কোটি ডলার ব্যাংকটিতে জমা ছিল।

তবে সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি প্রতিষ্ঠানে অতিরিক্ত ঋণ দেয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য ফাঁস হয়ে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি ও উলতিমা হোরায় প্রকাশিত হয়। এতে ব্যাংকটির ঋণ বিতরণ পদ্ধতি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে।

জনচাপ বাড়তে থাকায় গত মঙ্গলবার উয়েনোকে পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আনে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক। তাৎক্ষণিক অবসায়নের আগের সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম নিয়ন্ত্রণে নেয়া হয়। ন্যূনতম আর্থিক সক্ষমতার শর্ত ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে সাময়িকভাবে লাখ লাখ গ্রাহক নিজেদের হিসাবে প্রবেশের সুযোগ হারান।

শনিবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাষ্ট্রীয় আমানত সুরক্ষা কর্মসূচির আওতায় এরই মধ্যে প্রায় ১২ লাখ আমানতকারীকে ১৬ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ফেরত দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তাদের দাবি, সংকটটি শুধু উয়েনো ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ আমেরিকায় স্থিতিশীল বিনিয়োগ গন্তব্য হিসেবে প্যারাগুয়ের যে ভাবমূর্তি রয়েছে, এ ঘটনার ক্ষতি ব্যাংক পুনর্গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরও দীর্ঘদিন থেকে যেতে পারে।

সাবেক অর্থমন্ত্রী ফেরেইরা বলেন, এখন প্যারাগুয়েকে প্রমাণ করতে হবে, দেশটির প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে কাজ করছে।