এনআরবিসি ব্যাংক পিএলসি ‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ (‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি) প্রতিপাদ্যে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে। বৈশ্বিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোটিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকটির ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কার্বন-সচেতন ও পরিবেশবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে। সোমবার, ৯ নভেম্বর ২০২৬ তারিখে
গতকাল প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলামসহ সাইটেনেবিলিটি রিপোর্ট প্রণয়ন কমিটির সদস্যরা।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, এনআরবিসি ব্যাংককে স্বল্প-কার্বন নিঃসরণ ও সম্পদের দক্ষ ব্যবহারভিত্তিক অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের অন্যতম ভিত্তি। আমরা পরিকল্পিতভাবে ঋণনীতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা সংযুক্ত করছি, যাতে আমাদের বিনিয়োগ সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
২০২৫ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পিসিএএফ কাঠামো অনুসরণ করে ব্যাংকটির অর্থায়নজনিত স্কোপ-৩ কার্বন নিঃসরণ হিসাব করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮১৮ দশমিক ১১ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। এছাড়া ব্যাংকের স্বয়ংক্রিয় ঋণ প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে ৯১ হাজার ৮৪০টি ঋণ প্রক্রিয়াকরণ করে প্রায় ১২ লাখ শিট কাগজ সাশ্রয় করা হয়েছে, যা প্রায় ১৫০টি গাছ সংরক্ষণে সহায়ক হয়েছে। একই সময়ে ১ লাখ ১৭ হাজার ৯৯৪ জন গ্রামীণ ঋণগ্রহীতাকে ৫ হাজার ৫৩৩ কোটি ৫৩ লাখ টাকা ক্ষুদ্রঋণ এবং নারী উদ্যোক্তাদের ২৭০ কোটি ৭৯ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। পাশাপাশি সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ১ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন সুবিধাভোগীর কাছে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান করেছে ব্যাংকটি। কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও ইএসজি, ঋণ ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ২০২৫ সালের প্রতিবেদন প্রমাণ করে যে ডিজিটাল উদ্ভাবন পরিমাপযোগ্য আর্থসামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি স্বল্প-কার্বন নিঃসরণভিত্তিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এনআরবিসি ব্যাংক কাজ করছে।
উল্লেখ্য, ব্যাংকটি ২০২৪ সালে সর্বপ্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করে। দ্বিতীয়বারের মতো প্রকাশিত প্রতিবেদনটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।— সংবাদ বিজ্ঞপ্তি










