প্রবাসী বাংলাদেশী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দাবিগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মী নিয়োগের ঝুঁকি যাচাই, ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে বিএমইটির অপ্রয়োজনীয় জটিলতা নিরসন এবং ইউরোপীয় ভিসা সেবা বাংলাদেশে সম্প্রসারণ।

রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের শ্রম ও ত্যাগের ওপর অর্থনীতির বড় অংশ দাঁড়িয়ে থাকলেও বিদেশে যেতে গিয়ে প্রতারণা, ঋণের বোঝা ও হয়রানির শিকার হতে হয়। তাদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একজন কর্মীর অভিবাসন ব্যয় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তার বেশি হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেটের সুযোগ দেয়া যাবে না।

রাশিয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগকর্তা, চাকরির চুক্তি, ভিসার ধরন ও কাজের প্রকৃতি যাচাইয়ের দাবি জানান তিনি। এছাড়া ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়ার পর বিএমইটির ছাড়পত্রে হয়রানি বন্ধ, আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ এবং ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানান।

দলের অন্য দাবির মধ্যে রয়েছে নিয়োগ ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ, বিদেশে প্রতারণা ও মানবপাচারের শিকার কর্মীদের আইনি সহায়তা, পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু।

সংবাদ সম্মেলনে মঞ্জু আরো বলেন, গণভোটে জনগণের রায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তে বিরোধিতা করে দেয়া নোট অব ডিসেন্টের বিষয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এসময় এবি পার্টির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।