সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে ১১ জেলে অপহৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
স্বজনদের অভিযোগ, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। সেখান থেকে একজন করে জেলেকে অপহরণ করা হয়। জনপ্রতি মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি চায় অপহরণকারীরা।
অপহৃত স্বজনরা দাবি করেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ‘আমির আলী’ ও দাতিনাখালী গ্রামের ‘আলম সানার’ নেতৃত্বাধীন দুটি বনদস্যু বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত।
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী, মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং খুলনার কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, জেলেদের কাছ থেকে কয়েকজনকে অপহরণের খবর পেয়েছেন তারা। বন বিভাগের টহল দল সুন্দরবনের অভয়ারণ্য ও ভেতরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, ‘বন বিভাগের একার পক্ষে বিশাল এই বনাঞ্চলে বনদস্যুদের তৎপরতা দমন ও অভিযান পরিচালনা করা কঠিন।’
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন, ‘সাধারণত জিম্মি হওয়ার পর জেলেদের পরিবার নিজেদের উদ্যোগে গোপনে দস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে। এ কারণে মুক্তি পেয়ে ফিরে আসা অনেক জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিতে চান না। তবে মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিকদের শনাক্ত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘বনজীবীদের নিরাপত্তায় সুন্দরবনের প্রবেশপথ, নদী ও খালে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবন থেকে ৫৭ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময়ে ৪১ জন দস্যুকে আটক এবং ৫১ জন আত্মসমর্পণ করেছেন।’
এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘সুন্দরবনের দস্যুদের পেছনে কোনো সিন্ডিকেটের ইন্ধন থাকতে পারে। তারাই দস্যুদের অর্থায়ন, উৎসাহ দেয়া এবং অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে সহায়তা করছে। দস্যুদের পক্ষে এককভাবে এসব অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে বনে দস্যুতার কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই এর পেছনে ইন্ধনদাতা রয়েছে।’
এসআরবির এ কর্মকর্তা বলেন, ‘আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে দস্যুদের। তবে সেই সুযোগ কাজে না লাগিয়ে যারা আবারো অপরাধের পথে হাঁটবেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না।’













