প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে দুই দেশের সামগ্রিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে প্রতিরক্ষা, বিনিয়োগ কিংবা অন্য কোনো নির্দিষ্ট খাতে চুক্তি বা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সফরটি দ্বিপক্ষীয় নয়, বরং সৌজন্য সাক্ষাৎ হওয়ায় বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সুযোগ সীমিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ের পর আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তুরস্কের একটি প্রতিষ্ঠান শাহজালান বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশীদার হওয়ার আগ্রহ দেখিয়েছে। এক সাংবাদিক জানতে চান, এ বিষয়ে তুরস্ক সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে কিনা। জবাবে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘এটা আসলে দ্বিপক্ষীয় সফর নয়। এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে এসব বিষয়ে, অর্থাৎ সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। সামগ্রিক সহযোগিতার বিষয়ে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে আলোচনা করবে—এটাই আমরা ধরে নিতে পারি। কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় কিংবা কোথায় কী হবে, তা এই বৈঠকে নির্ধারিত হবে না।’
প্রধানমন্ত্রীর সফরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও তা এখনো নিশ্চিত হয়নি। পররাষ্ট্র সচিব জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপরাষ্ট্রপতি ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে।
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও ড্রোন কারখানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এটি সামরিক সহযোগিতার অংশ। তবে সামরিক সহযোগিতার নির্দিষ্ট ক্ষেত্রগুলো এখনো নির্ধারিত হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।
বাংলাদেশ সফরকালে গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন এক সাংবাদিক। এ বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, তিনি সম্মেলন-সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেবেন। পরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি জানান, সামগ্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে, তবে নির্দিষ্ট বিষয় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
তারেক রহমানের সফরে পররাষ্ট্রবিষয়ক দুই প্রতিমন্ত্রীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠে। জবাবে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুজনেরই সফরে যাওয়ার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে। সে অনুযায়ী প্রধানমন্ত্রী দুজনকেই সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।















