বরগুনা পৌরশহরের পুলিশ লাইন্স সংলগ্ন রাস্তার ওপরে পার্কিং করা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বিআরটিসি বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইন্সের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। পরে মধ্যরাতে বাসটিতে আগুন দেয়া হয়।
এসময় পুলিশ লাইন্সর সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, ‘মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’










