চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু) সংস্কার প্রকল্প সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল মুন্সীগঞ্জের ধালিস অ্যাম্বার নিবাস রিসোর্টে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে এইটিনথ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার সুয়ে দে-ওয়েনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা সংস্কারকৃত সেতুর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ, পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মুক্তারপুর সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেতুটির কাঠামোগত নিরাপত্তা, কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতায় সংস্কার সম্পন্ন হয়েছে।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরো জোরদার হবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নেও চীন ভবিষ্যতে আরো ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ২০২৪ সালের ১০ জুলাই স্বাক্ষরিত এক্সচেঞ্জ অব লেটারসের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালের ১৫ নভেম্বর শুরু হওয়া সংস্কারকাজ শেষ হয় ২০২৬ সালের ২১ অক্টোবর।

প্রকল্পের আওতায় সেতুর বিয়ারিং প্রতিস্থাপন, বিমের নিচের অংশের শক্তিবৃদ্ধি, কাঠামোগত সংস্কার, ফুটপাত ও রেলিং উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, সাইনবোর্ড স্থাপন এবং সিসমিক লকিং ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

কাজ শেষ হওয়ার পর দুই দেশের প্রতিনিধিদের যৌথ কারিগরি পরিদর্শন সম্পন্ন হয়। প্রকল্পের কারিগরি নথিপত্রও প্রস্তুত ও হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রকল্পটির জন্য দুই বছর মেয়াদি গুণগত মানের নিশ্চয়তা (কোয়ালিটি ওয়ারেন্টি) নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই দেশের প্রতিনিধিরা প্রকল্পের এক্সটার্নাল টেকনিক্যাল অ্যাকসেপ্ট্যান্স সার্টিফিকেট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য চীন সরকার, চীনা দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতায় অতি শিগগিরই দ্বিতীয় মুক্তারপুর সেতু (১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) নির্মাণের কাজ শুরু হবে।— সংবাদ বিজ্ঞপ্তি