লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারানোরা হলেন চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক।

‎চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয় বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে। আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি কমাননি। গতির কারণে এক পর্যায়ে বাসটি উল্টে যায়।

‎সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত অবস্থায় আনা হয় আরো অন্তত ১৫ জনকে। তাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।