যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত। এ কারণে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার তীর রক্ষাবাঁধের প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল ভোরে কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর স্পারের উজানে এ ধস দেখা দেয়। এর আগে ৭ জুলাই একই স্থানে স্পার বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। এ সময় ধস ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। মাত্র ছয়দিনের ব্যবধানে কাজিপুর স্পারের উজানে ধস দেখা দেয়। নতুন করে ধসের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে খবর পেয়ে ধস ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গতকাল ভোর থেকেই জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে। তীররক্ষা বাঁধ ধসে হুমকির মুখে পড়েছে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, ‘৭ জুলাই স্পার বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। গতকাল ভোরে স্পার এলাকায় আবারো ধস শুরু হয়েছে। এরই মধ্যে স্পারের উজানে প্রায় ১৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।’ এলাকার ভাঙন রাধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, ‘গতকাল ভোরে স্পার বাঁধের ১০০ মিটার উজানে রক্ষাবাঁধে ধস শুরু হয়। সকাল পর্যন্ত প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে ভোর থেকেই সেখানে জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এখন ভাঙন নিয়ন্ত্রণে। বাঁধটি নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় অনেক সময় যথাযথ সংরক্ষণ করা সম্ভব হয় না। পানি বাড়ায় নদীর তলদেশে ঘূর্ণায়বর্তের সৃষ্টি হওয়ায় বাঁধের এবং নদীতীরবর্তী বিভিন্ন অংশে ভাঙনের সৃষ্টি হচ্ছে। আমরা সতর্ক আছি। ভাঙন রোধে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ‘কাজিপুরের মেঘাই ১ নম্বর স্পারবাঁধ ও স্পারের উজানে তীররক্ষা বাঁধ প্রায় ১০ বছর আগে নির্মাণ করা। আমি যতটুকু জানতে পেরেছি প্রতি বছরেই বাঁধটি তদারকি করার কথা থাকলেও তা করা হয়নি। যার কারণে ধস নামতে পারে। কাজিপুর তথা সিরাজগঞ্জকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখেন। এখন বাঁধ ভেঙে যেন মানুষের কোনো ক্ষতি না হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’










