ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার নিত্যান্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও বর্তমান চেয়ারম্যান মফিজ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকালে শেখরা বাজারে ফারুক হোসেনের সমর্থক মাখনকে মারধর করেন মফিজ হোসেনের সমর্থকরা। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমার লোকজনকে মারধরের পর ঘটনাটি ঘটেছে। মফিজের লোকজন আমার লোকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ইউপি চেয়ারম্যান মফিজ হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি এ ব্যাপারে পরে কথা বলব।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর শোনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। কয়েকজন আহত হয়েছেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।









