কুমিল্লায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচনা মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক দিন এবং সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ মার্চ রাতে শিক্ষক-সহপাঠীকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিন রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেন। একই সঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।