ঈদুল আজহা উদযাপনে নৌ পথে হয়রানি ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি ও নৌ পুলিশের প্রধান মো. আবদুল আলীম মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুন) নৌ পুলিশ সদর দফতরে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নৌ পুলিশ প্রধান বলেন, কোরবানির পশু পরিবহনে যাতে কোনো প্রকার বিঘ্ন না হয় সেজন্য কোরবানির পশু বহনকারী সব নৌযান কোন হাটে ভিড়বে তা উল্লেখপূর্বক ব্যানার লাগাতে হবে। কোরবানীর পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান যেন নৌপথে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
নৌপথের যে কোনো সমস্যায় জরুরি যোগাযোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌ পথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর- ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশু ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্ঝঞ্ঝাট করতে নৌ পুলিশ বদ্ধ পরিকর। ঈদে নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালগুলোতে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ঈদুল আজহা উদযাপনে নৌ পথ ব্যবহারকারী সবাই যেন নিরাপদে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে পণ্য ও কোরবানির পশু নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে কন্ট্রোল রুম স্থাপন করবে নৌ পুলিশ।










