ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন। তবে ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন তিনি। লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এ পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

অন্যদিকে এর কিছুক্ষণ আগেই অর্থাৎ রাত ২টার কিছু পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।

রাত ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ৪টার পর শুরু হয় গণনা।