সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুল্লাহ জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে। অন্যদিকে মৃত শিশু ইকবাল হোসেন একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন। দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইকবাল কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময়ে শিশু ইকবাল ও শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের জনৈক আবু বক্কর শেখের পুকুর পাড়ে খেলা করছিল।
অসাবধানতা বশত প্রথমে একজন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









