যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনসহ বেনাপোল আইসিপি ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (৩ এপ্রিল) তিনি যশোরের কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এর পর বিজিবি মহাপরিচালক কাশিপুরের স্থানীয় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তারপর বিজিবি মহাপরিচালক যশোরের বেনাপোল আইসিপি পরিদর্শন করেন। বেনাপোল আইসিপিতে পৌঁছলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডাররা বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অতঃপর বিজিবি মহাপরিচালক বেনাপোল আইসিপিতে বিজিবির দর্শক গ্যালারি ও ব্যাগেজ/লাগেজ স্ক্যানার এবং ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিজিবি মহাপরিচালক খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপি এবং চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।