বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা সমাজ সংস্কারক হিসেবে কাজ করেন। তাই তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন ইমাম বা মুয়াজ্জিনের চাকরি অনেক সময় মসজিদ কমিটির ইচ্ছার ওপর নির্ভর করে, যা উচিত নয়। ইনশাআল্লাহ, আল্লাহর কৃপায় বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে সার্ভিস রুল প্রণয়নের উদ্যোগকে অগ্রাধিকার দেয়া হবে। অন্যান্য দাবিগুলোও বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরো বলেন, দেশের লাখো মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উন্নয়নধর্মী কর্মকাণ্ডের বাইরে রাখা হয় তাহলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। এ বাস্তবতার ভিত্তিতে বিএনপি ভবিষ্যৎ কর্মসূচিতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।








