সরকার সাইবার আইনে
দায়ের করা স্পিচ অফেন্স (মতপ্রকাশ সংক্রান্ত) মামলাগুলো দ্রুত প্রত্যাহারের
সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এসব মামলায় গ্রেফতারকৃতরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত
মুক্তি পাবেন।
আজ সোমবার (৩০
সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা
আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫ হাজার ৮১৮টি
মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৪০টি মামলা স্পিচ অফেন্স হিসেবে চিহ্নিত করা
হয়েছে। এসব মামলার মধ্যে ২৭৯টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ৭৮৬টি ডিজিটাল
নিরাপত্তা আইন এবং ২৭৫টি সাইবার নিরাপত্তা আইনের আওতায় দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো
উল্লেখ করা হয়, বিচারাধীন ৮৭৯টি মামলা দ্রুত প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় ও
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। এছাড়া তদন্তাধীন ৪৬১টি মামলার বিষয়ে চূড়ান্ত
রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রেফতারকৃত ব্যক্তিরা দ্রুত মুক্তি পাবেন বলে জানানো হয়।










