আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। অথচ যারা সেদিন গণহত্যা করেছিল সেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল বিএনপি। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের অমঙ্গল কামনা করেছে।

গতকাল দুপুরে ঝালকাঠির নলছিটিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আমির হোসেন আমুর মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ ও ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার।