বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করতে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা দিয়েছে। দেশটি বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স যক্ষ্মার ওষুধ হস্তান্তর করেছে।

রাজধানীর একটি যক্ষ্মা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এই সহায়তা বাংলাদেশে যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসায় বিদ্যমান সরবরাহ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

তিনি বলেন, এই উদ্যোগ যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর অধীনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় স্বাস্থ্য অংশীদারত্বকে আরো সম্প্রসারিত করবে।