গাজীপুরে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) এবং তাদের ছেলে মইনুল ইসলাম (১২)। তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। তারা গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের স্বজন লিপি আক্তারের বরাত দিয়ে ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের লাইন লিকেজ থেকে নির্গত গ্যাস জমে ছিল ওই ঘরে। সকালে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের স্কুলপড়ুয়া ছেলে দগ্ধ হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মুঠোফোনে জানান, দুপুরে গাজীপুর থেকে একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার ৮৮ শতাংশ, আয়েশা আক্তারের ৯০ শতাংশ এবং মইনুল ইসলামের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।









