আমদানির অনুমতি দেয়ার দেড় মাসেরও বেশি সময় পর ভারত থেকে ডিমের প্রথম চালান দেশে এসেছে। গতকাল একটি ট্রাকে করে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চালানটি বাংলাদেশে প্রবেশ করে। প্রথম চালানে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করেছে ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন। পর্যায়ক্রমে আরো ডিম আসবে বলে জানিয়েছেন আমদানিকারকের প্রতিনিধিরা।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ‘ভারত থেকে আমদানি করা ডিমের চালানটি দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।’
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ফার্মের ডিমের সর্বোচ্চ খুচরা দাম ১২ টাকা নির্ধারণ করে। এর তিনদিনের মাথায় ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয়া শুরু করে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১৫টি কোম্পানিকে ১৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আনার সুযোগ পাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বলেন, ‘আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে একটি হলো রফতানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।’










