বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে মোট ১৫৭ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। গতকাল বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে আছে ৬৬০ গ্রাম সোনা, ৩ কেজি ৩৭০ গ্রাম রুপা, ১ লাখ ২২ হাজার ৭৮৩টি কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৬৭৫টি ইমিটেশন গহনা, ১৪ হাজার ৯৮৯টি শাড়ি, ১০ হাজার ৫৭৩ পিস কাপড় (থ্রি-পিস, শার্ট পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক) ১ হাজার ৩২১ ঘনফুট কাঠ, ১ হাজার ৫৪৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৯২০ কেজি কয়লা, ৩০০ ঘনফুট পাথর, ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ, একটি কষ্টিপাথরের মূর্তি, ১৮টি ট্রাক, তিনটি পিকআপ ভ্যান, দুটি প্রাইভেটকার/মাইক্রোবাস, একটি বাস, একটি মাহেন্দ্র/ট্রাক্টর, ২৬টি নৌকা, ৩৩টি সিএনজি/ইজিবাইক, ৮৯টি মোটরসাইকেল এবং ৩৪টি বাইসাইকেল।

এছাড়া জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ১১টি গান, একটি ম্যাগাজিন, ৩ কেজি ৯৮০ গ্রাম গানপাউডার এবং ৬ হাজার ৯১০ রাউন্ড গুলি। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৬ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৩ জন বাংলাদেশী নাগরিক, আটজন ভারতীয় নাগরিক এবং ৬৪২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।