কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে প্রায় এক সপ্তাহের মতো বন্ধ হয়ে যায় রাজধানীর সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত। আজও সরকারের নির্বাহী আদেশে সারা দেশে ছুটি। তবে গতকাল সকাল থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করে পুরান ঢাকার ব্যবসার হাব চকবাজার ও মৌলভীবাজারের দোকানপাট। দুপুরের পর পুরোদমে জমে ওঠে নগরীর অন্যতম বড় পাইকারি মার্কেট কারওয়ান বাজারও।
গতকাল রাজধানীর চকবাজার, মৌলভীবাজার ঘুরে দেখা যায়, দোকানের শাটার অর্ধেক খোলা রেখে বেচাকেনা চলছে। চাল-ডাল মসলাপাতি থেকে শুরু করে মাছ-মাংস সব ধরনের বেচাকেনা জমে ওঠে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। দুপুর ১২টার পর বাজারের প্রায় দোকানই পুরো শাটার উঠিয়ে বেচাকেনা শুরু করে।
চকবাজার ও মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, কয়েক দিন দোকানপাট বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় মসলাপাতির ঘাটতি দেখা যায়। সকালে দোকান খোলার পর থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাদের চাহিদামতো পণ্য নিতে থাকেন। বিশেষ করে চাল-ডাল, তেল ও মসলাপাতি নিচ্ছেন ব্যবসায়ীরা বেশি। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যও ব্যবসায়ীরা নিচ্ছেন।
চকবাজারের চাল ও ডাল ব্যবসায়ী খাইরুল আলম বলেন, ‘কয়েক দিন ধরে দোকান করতে পারিনি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের অর্ডার ছিল। এখন তারা আসছেন। আবার নতুন করে অনেকের দোকানে পণ্য শেষ হয়ে গেছে। তাই কেনাবেচার চাপ খুব।’










