গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। এছাড়া মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি হয়েছে। গতকাল সকালে এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। গতকাল সকাল পৌনে ৮টায় কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের পাঁচ যাত্রী নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরো একজন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. রেজাউল মওলা।

নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সাদ্দাম গাজীর ছেলে সাইদুর রহমান (৪৪), মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের হাসিব মোল্যার ছেলে সাগর মোল্যা (২৪), সাতক্ষীরা সদর উপজেলার সাতালী গ্রামের সৈয়দ এরশাদ আলীর ছেলে সৈয়দ জামশেদ আলী (৩১), খুলনার টুটপাড়ার আবুল হাসানের স্ত্রী তানিয়া আফরোজ তহুরা (৩০), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪) ও নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারী গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে রাকিব শেখ (১৭)।

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে এনে ভর্তি করেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে মেহেরপুরের ওলিনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো একজন। গতকাল সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নোমান গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে এক পথচারী সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে নোমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ওই পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নোমান। আহত পথচারী আনসার আলীকে উদ্ধারে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দিয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন জানান, নোমানের মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।